IUI না IVF: কোনটি বেশি ব্যথাদায়ক? ব্যথা ও অস্বস্তির পার্থক্য বুঝে নিন

Last updated: February 12, 2026

Overview

এই গাইডে IUI (ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন) এবং IVF (ইন ভিট্রো ফার্টিলাইজেশন)-এর হওয়া শারীরিক অস্বস্তি তুলনা করা হয়েছে। ধাপে ধাপে প্রতিটি প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে, হরমোন ইনজেকশন থেকে শুরু করে ডিম সংগ্রহ (এগ রিট্রিভাল) পর্যন্ত কোন ধাপে কেমন ব্যথা বা অস্বস্তি হতে পারে, তা তুলে ধরা হয়েছে। বাস্তব রোগীদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই গাইড পাঠকদেরকে আগে থেকেই ধারণা দিতে চায়, কী ধরনের অনুভূতি হতে পারে এবং কীভাবে এই অভিজ্ঞতাকে সামলানো যায়।

ভূমিকা

বন্ধ্যাত্বের সমস্যার মুখোমুখি হওয়া অনেক দম্পতিরই মনে একই প্রশ্ন ঘোরে: ‘IUI আর IVF-এর মধ্যে কোনটা বেশি ব্যথাদায়ক?’ কারণ ব্যথা মানেই শুধু শরীরের কষ্ট নয়, মানসিক চাপও এর বড় অংশ।

IVF (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এবং IUI (ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন) – দুটোই গর্ভধারণে সাহায্য করে, কিন্তু প্রতিটি পদ্ধতির ধাপ, তীব্রতা এবং অনুভূতি এক নয়। কেউ কেউ এই অস্বস্তিকে হালকা, দ্রুত চলে যাওয়া ব্যথা হিসেবে বর্ণনা করেন, যা বেশি বিরক্তিকর হলেও সহনীয়। আবার অনেকের কাছে IVF, IUI-এর তুলনায় অনেক বেশি কষ্টকর ও চ্যালেঞ্জিং মনে হয়। এই গাইডটি প্রতিটি পদ্ধতির পেছনের অস্বস্তি ও অনুভূতিগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করে, যাতে আপনি বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

IUI কী?

IUI বা ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন হলো খুবই সহজ এবং কম ইনভেসিভ একটি ফার্টিলিটি প্রক্রিয়া। সাধারণত এতে অ্যানাস্থেসিয়া বা অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শুক্রাণুকে ডিম্বাণুর আরও কাছে পৌঁছে দেওয়া, যাতে গর্ভধারণের সুযোগ বাড়ে।

প্রক্রিয়া চলাকালে পুরুষের স্পার্মকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় (washed sperm), তারপর খুব পাতলা একটি ক্যাথেটারের মাধ্যমে জরায়ুর ভেতরে, সার্ভিক্স পেরিয়ে, ডিম্বস্ফোটনের সময়ে সরাসরি ছেড়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়ার আগে মহিলাদের ‘ovulation induction’ নামে একটি ধাপের মধ্য দিয়ে যেতে হয়। ডাক্তাররা সাধারণত ফার্টিলিটি মেডিসিন দেন, যা ডিম্বাশয়কে একটু বেশি ডিম্বাণু তৈরি করতে সাহায্য করে।

IVF কী?

IVF বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন তুলনামূলকভাবে বেশি অ্যাডভান্সড ফার্টিলিটি ট্রিটমেন্ট। এটি সাধারণত কয়েকটি ধাপে হয়।

সবার আগে হরমোন ইনজেকশন দেওয়া হয়, যাতে ডিম্বাশয় একসাথে একাধিক ডিম্বাণু তৈরি করতে পারে। ডিমগুলো যখন পরিপক্ক হয়ে যায়, তখন একটি ছোট সার্জিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করা হয়।

এরপর ল্যাবরেটরিতে ওই ডিমের সাথে স্পার্ম মিশিয়ে ফার্টিলাইজেশন হওয়ার চেষ্টা করানো হয়। সফল হলে যে এমব্রিও তৈরি হয়, তার মধ্যে থেকে এক বা একাধিক এমব্রিও আবার জরায়ুর মধ্যে স্থাপন করা হয়।

পুরো IVF প্রক্রিয়ায় সময় লাগে, বারবার ক্লিনিকে যেতে হয়, আর শারীরিক ও মানসিকভাবে কিছুটা চাপও অনুভূত হতে পারে। তবুও, অনেক ক্ষেত্রে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্যই IVF বেছে নেওয়া হয়।

IUI প্রক্রিয়ায় ব্যথা ও অস্বস্তি

1. ওভুলেশন ইন্ডাকশন

ওভুলেশন ইন্ডাকশন বলতে এমন একটি ধাপ বোঝায়, যেখানে হরমোন ইনজেকশনের মাধ্যমে ডিম্বাশয়কে বেশি ডিম্বাণু তৈরি করতে উদ্বুদ্ধ করা হয়।

বেশিরভাগ রোগী এই ফার্টিলিটি ট্রীটমেন্টে খুব বেশি ব্যথা অনুভব করেন না। তবে বারবার ইনজেকশন নিতে হয় বলে অনেকেই সূচ ফোটানোর সময়ের খোঁচা ও হালকা জ্বালাপোড়া অনুভব করেন।

2. IUI করার সময়

IUI প্রক্রিয়াটি সাধারণত খুব বেশি সময়সাপেক্ষ নয়, অনেকেই এটিকে প্যাপ স্মিয়ার পরীক্ষার সঙ্গে তুলনা করে থাকেন। জরায়ুর ভেতরে পাতলা ক্যাথেটার প্রবেশ করানোর সময় হালকা চাপ, টান বা সামান্য পেটব্যথা (ক্র্যাম্পিং) অনুভূত হতে পারে, তবে সেটি বেশিরভাগ ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

প্রক্রিয়া চলাকালীন সামান্য অস্বস্তি হলেও তা সাধারণত খুবই কম থাকে এবং দীর্ঘস্থায়ী হয় না। অন্যান্য অনেক ফার্টিলিটি ট্রিটমেন্টের তুলনায় IUI তুলনামূলকভাবে সহজ একটি পদ্ধতি। সাধারণত এতে অ্যানাস্থেসিয়ার প্রয়োজন হয় না, এবং প্রক্রিয়া শেষ হওয়ার পর বেশিরভাগ নারী স্বাভাবিকই অনুভব করেন।

3. IUI হওয়ার পর

IUI-এর পর রিকভারি সাধারণত খুব সহজ এবং সময়সাপেক্ষও নয়। দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকার দরকার হয় না; রোগীরা চাইলে অল্প সময়ের মধ্যেই তাঁদের দৈনন্দিন কাজকর্ম শুরু করতে পারেন।

  • পেট ফাঁপা লাগা (ব্লোটিং)
  • স্তনে টান বা ব্যথা (টেন্ডার ব্রেস্টস)
  • হালকা বমি বমি ভাব বা বমি
  • সামান্য স্পটিং বা অল্প রক্তপাত
  • ইনজেকশন দেওয়ার জায়গায় হালকা ফোলা
  • ডিম্বাশয় অতিরিক্ত উদ্বুদ্ধ হলে OHSS (Ovarian Hyperstimulation Syndrome) হতে পারে

প্রক্রিয়ার পর যদি কোনও অস্বস্তি বেশি মনে হয় বা নতুন কোনও উপসর্গ দেখা যায়, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত।

IVF প্রক্রিয়ায় ব্যথা ও অস্বস্তি

1. হরমোন ইনজেকশন

IVF শুরু হয় সাধারণত হরমোন ইনজেকশন দিয়েই, আর অনেকের অস্বস্তি অনুভবের শুরুটাও এখান থেকেই। ডিম্বাশয় যেন একসাথে বেশি পরিমাণ পরিপক্ক ডিম্বাণু তৈরি করে, তার জন্য প্রতিদিন ইনজেকশন নিতে হয়। এ কারণে কিছু বিরক্তিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

যেমন, পেট ফেঁপে থাকা বা ভারী লাগা খুব সাধারণ সমস্যা, আর ইনজেকশন দেওয়ার জায়গাটা কিছুক্ষণ ব্যথা বা টনটন করতে পারে। আরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে-

  • সব সময় ক্লান্তি লাগা
  • মুড সুইং বা হঠাৎ মেজাজের ওঠা-নামা

এই শারীরিক পরিবর্তনের সঙ্গে মানসিক চাপও যোগ হয়, তাই অনেকের জন্য IVF-এর এই ধাপটা শারীরিকের পাশাপাশি মানসিকভাবেও কষ্টকর মনে হতে পারে।

2. এগ রিট্রিভাল (ডিম্ব সংগ্রহের প্রক্রিয়া)

এগ রিট্রিভাল বা ডিম সংগ্রহের সময় কিছুটা ব্যথা হওয়া স্বাভাবিক, কারণ এই ধাপে সূচের সাহায্যে ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু তুলে নেওয়া হয়। অস্বস্তির কারণগুলোকে সহজভাবে বললে-

  • ডিম্বাশয় ফুলে যাওয়া: ডিম্বাশয়কে বেশি ডিম্বাণু তৈরি করতে হরমোন শট দেওয়া হয়। এতে ডিম্বাশয় স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যেতে পারে, যার ফলে প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পেটে ভারী ভাব বা ফাঁপা-ফাঁপা লাগতে পারে।
  • সূচ ঢোকানো: আল্ট্রাসাউন্ডের সাহায্যে, সাধারণত অ্যানাস্থেসিয়া দিয়ে, যোনিপথ দিয়ে সূচ ঢুকিয়ে ফোলিকল পর্যন্ত পৌঁছানো হয়। এই অংশের কারণে প্রক্রিয়ার পর কিছুটা ব্যথা বা অস্বস্তি থাকতে পারে।
  • ফোলিকলের ভেতরের তরল বের করা: প্রতিটি ফোলিকলের ভেতরে তরল থাকে। ওই তরল ও ডিম্বাণু একসাথে টেনে নেওয়ার পর ডিম্বাশয় কিছুটা নরম ও ব্যথা–ভাব নিয়ে থাকতে পারে, বিশেষ করে অনেক ডিম্বাণু নেওয়া হলে।

ডিম্বাশয় আবার ধীরে ধীরে ছোট হয়ে স্বাভাবিক আকারে ফিরতে শুরু করলে ভেতরের টিস্যু এক–দু’দিন স্পর্শকাতর থাকে। এ সময় হালকা রক্তপাত বা স্পটিংও হতে পারে, যেটা পেলভিক অঞ্চলে ব্যথা বা টান ধরার অনুভূতি বাড়াতে পারে।

3. এমব্রিও ট্রান্সফার

এমব্রিও ট্রান্সফার সাধারণত খুব দ্রুত এবং কোমল একটি প্রক্রিয়া। অনেকেই একে সাধারণ পেলভিক চেক–আপের মতো মনে করেন। বেশিরভাগ সময়ই ব্যথা থাকে না, শুধু সামান্য চাপ লাগা বা হালকা ক্র্যাম্পিং হতে পারে।

IVF-এর প্রথম দিককার ধাপগুলোর মতো এখানে সাধারণত সেডেশন বা অ্যানাস্থেসিয়া লাগে না, কারণ এমব্রিও ট্রান্সফারের সময় ব্যথা খুব কম হয় এবং অস্বস্তিও অল্প সময়ের মধ্যেই কেটে যায়।

IVF প্রক্রিয়ায় ব্যথা ও অস্বস্তি কতটা বেশি?

আসলে IVF প্রক্রিয়ায় কতটা ব্যথা অনুভূত হবে, তা একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। কারও জন্য এটি কেবল হালকা অস্বস্তি বা সামান্য ব্যথার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আবার কারও কাছে পুরো অভিজ্ঞতাটি তুলনামূলকভাবে বেশি তীব্র বা কষ্টকরও মনে হতে পারে।

আগের অংশে যেমন ব্যাখ্যা করা হয়েছে, IVF-এর প্রতিটি ধাপে অনুভূতিটাও ভিন্ন হতে পারে। কারও শরীর ইনজেকশন ও হরমোনের প্রতি তুলনামূলকভাবে স্বাভাবিক বা শান্ত প্রতিক্রিয়া দেখায়, আবার কেউ বেশি ফোলা, ব্যথা বা অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন।

নিচের টেবিলে IVF এবং IUI প্রক্রিয়ার সময় ব্যথা ও অস্বস্তির মাত্রার পার্থক্য সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে আপনি দু’টি পদ্ধতির তুলনা করে আরও স্পষ্ট ধারণা পেতে পারেন।

বৈশিষ্ট্য IUI (ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন) IVF (ইন ভিট্রো ফার্টিলাইজেশন)
ব্যথার মাত্রা সাধারণত খুব হালকা অস্বস্তি, প্যাপ স্মিয়ার টেস্ট বা হালকা পিরিয়ড ক্র্যাম্পের মতো। অ্যানাস্থেসিয়ার দরকার হয় না। তুলনামূলকভাবে বেশি অস্বস্তি। প্রতিদিন ইনজেকশন, আর এগ রিট্রিভাল হওয়ায় বেশি কষ্ট লাগতে পারে। এমব্রিও ট্রান্সফারের পর হালকা ক্র্যাম্পিং থাকতে পারে।
ইনভেসিভ কতটা খুব কম ইনভেসিভ। পাতলা ক্যাথেটারের মাধ্যমে সরাসরি জরায়ুর ভেতরে স্পার্ম রাখা হয়। বেশি ইনভেসিভ। হরমোন ইনজেকশন, ছোট সার্জারির মতো এগ রিট্রিভাল, তারপর এমব্রিও ট্রান্সফার একাধিক ধাপ জড়িত।
মূল প্রক্রিয়া ওভুলেশন ইন্ডাকশন (সবসময় না, অনেক সময় হালকা ওষুধ/ইনজেকশন), স্পার্ম ওয়াশিং, তারপর ইনসেমিনেশন। ওভ্যারিয়ান স্টিমুলেশন (প্রতিদিন ইনজেকশন), এগ রিট্রিভাল, ল্যাবে ফার্টিলাইজেশন, এমব্রিও কালচার, তারপর এমব্রিও ট্রান্সফার।
ওষুধ ও ইনজেকশন দরকার হলে সাধারণত হালকা ওষুধ বা সীমিত ইনজেকশন দিয়ে ডিম্বস্ফোটন করানো হয়। নিয়মিত ও তুলনামূলকভাবে বেশি ডোজের হরমোন ইনজেকশন দিতে হয়, যাতে একসাথে একাধিক ডিম্বাণু তৈরি হয়।
খরচ প্রতি সাইকেলে তুলনামূলকভাবে কম খরচ হয়। প্রতি সাইকেলে খরচ বেশ বেশি, কারণ প্রক্রিয়াটি জটিল এবং ল্যাবের কাজ বেশি থাকে।

ফার্টিলিটি ট্রিটমেন্টে ব্যথা কমানোর কিছু টিপস

1. কোনটা বেশি ব্যথাদায়ক IUI না IVF?

এটা এমন একটা প্রশ্ন, যেটা অনেকের মনেই আসে। কিন্তু আসল কথা হলো – সবার অভিজ্ঞতা আলাদা। কারও কাছে ব্যথা খুবই কম, আবার কারও কাছে একটু বেশি মনে হতে পারে।

যাই হোক, IUI হোক বা IVF কিছু সহজ অভ্যাস শারীরিক ও মানসিক দুই দিক থেকেই পুরো প্রক্রিয়াটাকে অনেকটা সহনীয় করে তুলতে পারে।

2. পর্যাপ্ত জল পান করুন এবং পুষ্টিকর খাবার খান

ভালো করে জল পান করা আর সুষম খাবার খাওয়া শরীরকে ভেতর থেকে শক্তি দেয় এবং ট্রিটমেন্টের সময় অনেকটা আরাম দেয়। যেমন –

  • লিন প্রোটিন: মুরগির মাংস, মাছ (বিশেষ করে স্যামন), ডিম, ডাল, ছোলা, মটরশুঁটি, টোফু ইত্যাদি
  • হোল গ্রেইন: কুইনোয়া, ব্রাউন রাইস, ওটস, মিলেটস ইত্যাদি
  • হেলদি ফ্যাট: বাদাম (কাজু, কাঠবাদাম, আখরোট), ফ্ল্যাক্সসিড, অলিভ অয়েল ইত্যাদি
  • দুগ্ধজাত খাদ্য: দুধ, দই, পনির, চিজ ইত্যাদি (যদি সহ্য হয়)

এ ধরনের খাবার হরমোন ব্যালান্স রাখতে সাহায্য করে, হজমকে স্বাভাবিক রাখে এবং শরীরকে দ্রুত রিকভার করতে সাপোর্ট দেয়। পুষ্টি সমৃদ্ধ শরীর সাধারণত ইনজেকশন, ওষুধ আর হরমোনের সব পরিবর্তন একটু ভালোভাবে সামলাতে পারে।

3. ক্র্যাম্প বা পেট ফাঁপা হলে গরম সেঁক ব্যবহার করুন

হরমোন ইনজেকশনের পর হালকা ক্র্যাম্প বা পেট ফাঁপা লাগা স্বাভাবিক। এই সময়ে গরম সেঁক অনেকটা আরাম দিতে পারে।

একটা উষ্ণ তোয়ালে, হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড পেটের ওপর হালকা করে ধরে রাখলে ব্যথা ও টান কম অনুভূত হয়। রিকভারি চলাকালীন এই ছোট্ট পদক্ষেপটা অনেকেরই ভালো লাগে।

4. যোগা, শ্বাস-প্রশ্বাস অনুশীলন বা রিল্যাক্সেশন চেষ্টা করুন

ফার্টিলিটি ট্রিটমেন্টের কষ্ট শুধু শরীরে নয়, মনে গিয়েও লাগে। তাই মানসিক চাপ কমানোও খুব জরুরি।

সহজ কিছু কাজ যেমন – একটু স্ট্রেচ করা, শান্ত হয়ে বসে মেডিটেশন করা, বা কয়েকবার গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়া- এগুলো মাথা হালকা করতে সাহায্য করে।

এই ছোট ছোট অভ্যাস IUI বা IVF-এর ব্যথা ও টেনশন সামলাতে অনেককে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করে।

5. যে কোনও অস্বস্তি নিয়ে ডাক্তারের সঙ্গে খোলামেলা কথা বলুন

মনে হচ্ছে IUI–এর ব্যথা বেশি, না IVF-এর? যেটাই হোক, একটা বিষয় সব রোগীর জন্যই একই – ডাক্তারকে সব জানানো খুব জরুরি।

যদি মনে হয় –

  • ব্যথা একদমই কমছে না,
  • অস্বস্তি অস্বাভাবিক লাগছে,
  • বা মানসিকভাবে খুব ভেঙে পড়ছেন,

তাহলে দেরি না করে ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত। ডাক্তার প্রয়োজনে ওষুধ বদলে দিতে পারেন, বাড়তি গাইডলাইন দিতে পারেন, আর পুরো অভিজ্ঞতাটাকে একটু সহজ করতে সাহায্য করতে পারেন।

উপসংহার

কেউ যখন জিজ্ঞেস করেন - “IUI না IVF, কোনটা বেশি ব্যথাদায়ক?”- বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা IVF-এর দিকে ঝোঁকে। কারণ IVF-এ হরমোন ইনজেকশন, এগ রিট্রিভাল-এর মতো কিছু তুলনামূলকভাবে বেশি ইনভেসিভ ধাপ থাকে। অন্যদিকে IUI সাধারণত অনেক সহজ, দ্রুত এবং বেশিরভাগ সময় কম অস্বস্তিকর।

তবে শেষ কথা হলো কোনটা আপনার জন্য ঠিক, তা নির্ভর করে আপনার ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা, শারীরিক-মানসিক প্রস্তুতি এবং ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শের ওপর।

ইন্দিরা IVF-এ আধুনিক প্রযুক্তি, ব্যক্তিগত যত্ন এবং অভিজ্ঞ ডাক্তারের সহায়তায় চেষ্টা করা হয় যেন পুরো প্রক্রিয়ায় শারীরিক ও মানসিক অস্বস্তি যতটা সম্ভব কম হয়। আমাদের ফার্টিলিটি বিশেষজ্ঞরা নরম, যত্নশীল পদ্ধতিতে চিকিৎসা করেন এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের ওপর নিয়মিত নজর রাখেন, যাতে পুরো যাত্রাটাই রোগীর জন্য আরও নিরাপদ ও আরামদায়ক হয়।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

IVF-এ ডিম সংগ্রহ (এগ রিট্রিভাল) কি খুব ব্যথাদায়ক?

 

ডিম সংগ্রহ সাধারণত অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়, তাই প্রক্রিয়ার সময় বেশি ব্যথা টের পাওয়া যায় না। পরে এক–দু’দিন হালকা ক্র্যাম্প বা ব্যথা থাকতে পারে।

IUI বা IVF-এর পর কতদিন ব্যথা থাকে?

 

অধিকাংশ ক্ষেত্রে ব্যথা বা অস্বস্তি কয়েক ঘন্টা থেকে এক–দু’দিনের মধ্যে কমে যায়। যদি ব্যথা বাড়তে থাকে বা দীর্ঘস্থায়ী হয়, ডাক্তারকে জানানো জরুরি।

IVF-এ কি অ্যানাস্থেসিয়া ব্যবহার হয়, আর IUI-তে নয়?

 

হ্যাঁ, সাধারণত IUI-তে অ্যানাস্থেসিয়ার দরকার পড়ে না। কিন্তু IVF-এর এগ রিট্রিভাল প্রক্রিয়ায় সাধারণত সেডেশন বা অ্যানাস্থেসিয়া দেওয়া হয়।

মানসিকভাবে কোনটা বেশি কঠিন IUI না IVF?

 

অনেকের জন্য IVF মানসিকভাবে বেশি চ্যালেঞ্জিং, কারণ ধাপ, সময়, খরচ ও চাপ বেশি থাকে। তবে মানসিক অভিজ্ঞতা ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে।

ICSI করলে কি IVF-এর সাফল্য বাড়ে?

 

কিছু ক্ষেত্রে, বিশেষ করে পুরুষের ফার্টিলিটি সমস্যা থাকলে, ICSI IVF-এর সাফল্য বাড়াতে সাহায্য করতে পারে। এটি সব রোগীর জন্য একইভাবে প্রযোজ্য নয়, ডাক্তার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেন।

IVF চলাকালীন কি স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভব?

 

কিছু ক্ষেত্রে সম্ভব, যদি ডিম্বস্ফোটন স্বাভাবিকভাবে হয় এবং দম্পতি সম্পর্ক রাখেন। তবে চিকিৎসার ধাপ ও সময় অনুযায়ী ডাক্তার কী করবেন, তা পরিষ্কারভাবে জানিয়ে দেন।

IVF আর এমব্রিও ট্রান্সফার কি একই জিনিস?

 

না, IVF একটি পূর্ণ ট্রিটমেন্ট প্রক্রিয়া, যার মধ্যে ডিম্ব সংগ্রহ, ফার্টিলাইজেশন, এমব্রিও তৈরি সবই থাকে। এমব্রিও ট্রান্সফার হলো এই পুরো প্রক্রিয়ার শেষের একটি ধাপ মাত্র।

**Disclaimer: The information provided here serves as a general guide and does not constitute medical advice. We strongly advise consulting a certified fertility expert for professional assessment and personalized treatment recommendations.
© 2026 Indira IVF Hospital Limited. All Rights Reserved. T&C Apply | Privacy Policy| *Disclaimer