Threatened Abortion কী? গর্ভাবস্থায় রক্তপাতের কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানুন

Published on: 21 November 2026 - Updated on: 21 November 2026
Dr. Rumpa Majumdar

Gynaecologist & IVF Specialist

10+ years of experience

Dr. Akanksha Jangid

M.B.B.S. M.D. DNB (OBGY)

Gynaecologist & IVF Specialist

10+ years of experience

Expert verified

Overview

গর্ভাবস্থার প্রথম দিকে হঠাৎ রক্তপাত দেখলে স্বাভাবিকভাবেই চিন্তা হয়, সব ঠিক আছে তো? এটা কি গর্ভপাতের লক্ষণ? তবে গর্ভাবস্থায় রক্তপাত হলেই যে গর্ভপাত হয়ে গেছে, এমনটা নয়। অনেক সময় রক্তপাত হলেও গর্ভাবস্থা জরায়ুর ভেতরে স্বাভাবিকভাবে চলতে থাকে। এই অবস্থাকেই বলা হয় threatened abortion বা গর্ভপাতের আশঙ্কা।

গর্ভাবস্থায় রক্তপাতের পেছনে একাধিক কারণ থাকতে পারে। তাই শুধু লক্ষণ দেখে কারণ নিশ্চিত করা যায় না। কখন পরীক্ষা দরকার, কোন লক্ষণগুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তা জানা জরুরি।

এই লেখায় সহজভাবে জানুন থ্রেটেন্ড অ্যাবরশন কী, এর লক্ষণ ও কারণ, কীভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয় এবং সুস্থ গর্ভাবস্থার সম্ভাবনা কেমন হতে পারে।

Threatened Abortion কী?

গর্ভাবস্থার প্রথম দিকে যোনিপথে রক্তপাত বা হালকা পেটব্যথা হলে অনেকেরই মনে প্রথমেই আসে, “তাহলে কি গর্ভপাত হয়ে যাচ্ছে?” কিন্তু এমন লক্ষণ থাকলেই গর্ভপাত হয়ে গেছে, এমন নয়। থ্রেটেন্ড অ্যাবরশন বলতে এমন একটি অবস্থাকে বোঝায়, যেখানে গর্ভাবস্থার ২০ সপ্তাহের মধ্যে রক্তপাত হতে পারে, কখনও হালকা পেটব্যথা বা টানও থাকে, কিন্তু গর্ভাবস্থা এখনও জরায়ুর মধ্যে রয়েছে এবং জরায়ুমুখ বন্ধ থাকে। আল্ট্রাসাউন্ডে ভ্রূণের হৃদস্পন্দনও দেখা যেতে পারে।

অর্থাৎ, থ্রেটেন্ড অ্যাবরশন মানেই গর্ভপাত নিশ্চিত, এমন নয়। অনেক ক্ষেত্রেই গর্ভাবস্থা পরবর্তীতে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে। তবে রক্তপাতের কারণ বোঝা এবং গর্ভাবস্থার অবস্থা পরীক্ষা করা জরুরি।

Understanding Threatened Abortion

Threatened Abortion-এর কারণ ও Risk Factors

সব ক্ষেত্রে রক্তপাতের নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে গর্ভাবস্থার একেবারে শুরুর দিকে এমনটা হতে পারে। কিছু অবস্থার সঙ্গে এই ধরনের রক্তপাত বা গর্ভপাতের ঝুঁকির সম্পর্ক থাকতে পারে।

সম্ভাব্য কারণ

  • ভ্রূণের ক্রোমোজোমের সমস্যা: গর্ভাবস্থার শুরুর দিকে গর্ভপাতের একটি সাধারণ কারণ হল ভ্রূণের ক্রোমোজোমে এমন পরিবর্তন, যার ফলে স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। এই ধরনের পরিবর্তন বেশিরভাগ সময় আকস্মিকভাবে ঘটে এবং মায়ের কোনও ভুলের কারণে হয় না।
  • সাবকোরিওনিক হেমাটোমা: গর্ভথলি ও জরায়ুর দেওয়ালের মাঝের অংশে রক্ত জমে গেলে যোনিপথে রক্তপাত হতে পারে।
  • জরায়ুমুখের পরিবর্তন: গর্ভাবস্থায় জরায়ুমুখে রক্ত চলাচল বেড়ে যাওয়ায় সেটি কিছুটা সংবেদনশীল হতে পারে। যৌনমিলন বা সামান্য ঘর্ষণের পরও কখনও রক্তপাত দেখা দিতে পারে।
  • সংক্রমণ বা অন্য শারীরিক কারণ: জরায়ুমুখ বা যোনিপথের কিছু সংক্রমণও রক্তপাতের কারণ হতে পারে।

কোন বিষয়গুলোতে ঝুঁকি বাড়তে পারে?

আগে গর্ভপাতের ইতিহাস, মায়ের বয়স, ধূমপান, অতিরিক্ত ওজন এবং কিছু দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা গর্ভপাতের ঝুঁকির সঙ্গে যুক্ত হতে পারে। তবে এগুলোর কোনও একটি থাকলেই থ্রেটেন্ড অ্যাবরশন হবে, এমন নয়। আবার কোনও পরিচিত ঝুঁকি না থাকলেও গর্ভাবস্থায় রক্তপাত হতে পারে।

Threatened Abortion-এর লক্ষণ

থ্রেটেন্ড অ্যাবরশনের লক্ষণ সবার ক্ষেত্রে একরকম হয় না। কারও শুধু সামান্য রক্তপাত হতে পারে, আবার কারও সঙ্গে হালকা ব্যথাও থাকতে পারে। সাধারণভাবে যে লক্ষণগুলো দেখা যেতে পারে:

  • যোনিপথে রক্তপাত বা স্পটিং: হালকা গোলাপি, বাদামি বা টাটকা লাল রক্ত দেখা যেতে পারে। রক্তপাত অল্পও হতে পারে, আবার মাসিকের মতোও হতে পারে। শুধু রক্তের রং দেখে সমস্যার কারণ নিশ্চিত করা যায় না।
  • তলপেটে হালকা ব্যথা বা টান: মাসিকের সময়ের মতো মৃদু ক্র্যাম্প বা তলপেটে অস্বস্তি থাকতে পারে।
  • কোমরের নিচে ব্যথা: রক্তপাতের সঙ্গে হালকা কোমরব্যথাও কারও কারও হতে পারে।
  • ছোট রক্তের জমাট বের হওয়া: কখনও সামান্য জমাট রক্ত বের হতে পারে। তবে বড় জমাট, টিস্যুর মতো কিছু বের হওয়া বা রক্তপাত বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি।
  • কোনও উপসর্গ না থাকাও সম্ভব: কিছু ক্ষেত্রে রক্তপাত ছাড়া তেমন কোনও লক্ষণ থাকে না। আবার বমি বমি ভাব, স্তনে টান বা ক্লান্তির মতো স্বাভাবিক গর্ভাবস্থার লক্ষণও চলতে পারে। তাই শুধু উপসর্গ দেখে গর্ভাবস্থার অবস্থা বোঝা যায় না; প্রয়োজনে আল্ট্রাসাউন্ড ও অন্যান্য পরীক্ষা দরকার।

Threatened Abortion কীভাবে Diagnose করা হয়?

গর্ভাবস্থার শুরুতে রক্তপাত হলেই থ্রেটেন্ড অ্যাবরশন নিশ্চিত করা যায় না। চিকিৎসক প্রথমে রক্তপাতের ধরন ও অন্যান্য উপসর্গ সম্পর্কে জানতে চান।  নিন্নলিখিত পরীক্ষার মাধ্যমে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করেন।

  • Ultrasound-এর ভূমিকা 

থ্রেটেন্ড অ্যাবরশন বোঝার ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। সাধারণত ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডে গর্ভাবস্থার অবস্থান, ভ্রূণের বৃদ্ধি, হৃদস্পন্দন এবং গর্ভথলির আশপাশে কোনও রক্ত জমেছে কি না, তা দেখা হয়। তবে শুরুর দিকে স্ক্যানে সবকিছু স্পষ্ট না হলে কিছুদিন পর আবার পরীক্ষা করতে হতে পারে। 

  • hCG Blood Test

এইচসিজি হল গর্ভাবস্থার সঙ্গে সম্পর্কিত একটি হরমোন। রক্তে এর মাত্রা দেখে গর্ভাবস্থার অগ্রগতি সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। তবে একটি মাত্র এইচসিজি রিপোর্ট দিয়ে থ্রেটেন্ড অ্যাবরশন নিশ্চিত করা যায় না। গর্ভাবস্থার অবস্থান বা স্বাভাবিকভাবে বেড়ে ওঠা নিয়ে সন্দেহ থাকলে নির্দিষ্ট ব্যবধানে একাধিক পরীক্ষা করা হতে পারে। 

  • Medical History

চিকিৎসক জানতে চাইতে পারেন, কখন থেকে রক্তপাত হচ্ছে, কতটা হচ্ছে, পেটে ব্যথা বা খিঁচুনি আছে কি না। আগের গর্ভপাত বা অন্য কোনও গর্ভাবস্থার সমস্যা থাকলেও তা জানানো দরকার।

  • Physical Examination

প্রয়োজনে পেলভিক বা যোনিপথের পরীক্ষা করে জরায়ুমুখ বন্ধ আছে কি না এবং রক্তপাতের অন্য কোনও কারণ রয়েছে কি না, তা দেখা হয়। দরকার হলে রক্তের গ্রুপ বা অন্য কিছু পরীক্ষাও করা হতে পারে।

  • Pregnancy-এর অবস্থান ও Fetal Heartbeat পর্যবেক্ষণ

আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা হয় গর্ভাবস্থা জরায়ুর ভেতরে আছে কি না এবং ভ্রূণের হৃদস্পন্দন রয়েছে কি না। গর্ভাবস্থা খুব শুরুর দিকে হলে সবকিছু একবারে স্পষ্ট নাও হতে পারে। সেক্ষেত্রে কিছুদিন পর আবার আল্ট্রাসাউন্ড করা হতে পারে।

How Early-Pregnancy Bleeding Is Evaluated
 

Threatened Abortion-এর Pregnancy-এর উপর প্রভাব

থ্রেটেন্ড অ্যাবরশন মানেই গর্ভপাত হবে, এমন নয়। বিশেষ করে আল্ট্রাসাউন্ডে ভ্রূণের হৃদস্পন্দন দেখা গেলে অনেক গর্ভাবস্থা পরবর্তীতেও স্বাভাবিকভাবে এগিয়ে যায়।

তবে গর্ভাবস্থার প্রথম দিকে রক্তপাত কিছু ক্ষেত্রে পরবর্তী গর্ভাবস্থার জটিলতার ঝুঁকির সঙ্গে যুক্ত হতে পারে। সেই ঝুঁকি সবার ক্ষেত্রে এক নয়। রক্তপাতের পরিমাণ ও সময়কাল, পেটে ব্যথা আছে কি না, গর্ভাবস্থার কতটা সময় হয়েছে এবং আল্ট্রাসাউন্ডের ফলাফল, সবকিছু মিলিয়ে চিকিৎসক পরিস্থিতি মূল্যায়ন করেন।

তাই রক্তপাত বন্ধ হয়ে গেলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলো-আপ করা গুরুত্বপূর্ণ।

Threatened Abortion-এর Treatment ও Management

থ্রেটেন্ড অ্যাবরশনের জন্য সবার একই চিকিৎসা প্রয়োজন হয় না। রক্তপাতের কারণ, আল্ট্রাসাউন্ডের ফলাফল এবং আগের গর্ভপাতের ইতিহাসের মতো বিষয় দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেন কী করা দরকার।

পর্যবেক্ষণ ও ফলো-আপ

অনেক ক্ষেত্রে মূল বিষয় হল গর্ভাবস্থার অবস্থা পর্যবেক্ষণ করা। রক্তপাত কমছে নাকি বাড়ছে, নতুন কোনও উপসর্গ হচ্ছে কি না এবং আল্ট্রাসাউন্ডে গর্ভাবস্থার অগ্রগতি কেমন, এসবের দিকে নজর রাখা হয়। প্রয়োজনে আবার আল্ট্রাসাউন্ড করা হতে পারে।

প্রোজেস্টেরন

বর্তমান চিকিৎসা নির্দেশনা অনুযায়ী, জরায়ুর ভেতরে গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর রক্তপাতের সঙ্গে আগে গর্ভপাতের ইতিহাস থাকলে কিছু ক্ষেত্রে চিকিৎসক ভ্যাজাইনাল মাইক্রোনাইজড প্রোজেস্টেরন দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। ভ্রূণের হৃদস্পন্দন নিশ্চিত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে এটি ১৬ সপ্তাহ পর্যন্ত চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে।

তবে প্রোজেস্টেরন সব থ্রেটেন্ড অ্যাবরশনের ক্ষেত্রে প্রয়োজন হয় না। নিজের থেকে কোনও হরমোন বা অন্য ওষুধ শুরু করা উচিত নয়।

কাজকর্ম ও বিশ্রাম

শরীর খারাপ লাগলে বিশ্রাম নেওয়া যেতে পারে এবং চিকিৎসক প্রয়োজনে ভারী কাজ বা অতিরিক্ত পরিশ্রম কমাতে বলতে পারেন। তবে গর্ভপাত ঠেকাতে দীর্ঘদিন সম্পূর্ণ বেড রেস্ট উপকারী, এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই।

রক্তপাত বন্ধ হয়ে গেলে এবং পরীক্ষায় গর্ভাবস্থা স্বাভাবিকভাবে এগোতে দেখা গেলে সাধারণ গর্ভকালীন পরিচর্যা চালিয়ে যাওয়া যায়।

Threatened Abortion-এর সময় কী কী সতর্কতা নেওয়া উচিত?

থ্রেটেন্ড অ্যাবরশন ধরা পড়লে অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং গর্ভাবস্থার দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ।

  • রক্তপাত লক্ষ্য করুন: কতটা রক্তপাত হচ্ছে এবং কমছে নাকি বাড়ছে, তা খেয়াল রাখুন। রক্তপাত বেড়ে গেলে বা দীর্ঘ সময় থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • নিজে থেকে ওষুধ খাবেন না: রক্তপাত বন্ধ করার ওষুধ বা হরমোন নিজের থেকে শুরু করবেন না।
  • অতিরিক্ত পরিশ্রম এড়ান: শরীর খারাপ লাগলে বিশ্রাম নিন। তবে গর্ভপাত ঠেকাতে সারাক্ষণ বেড রেস্ট করার উপকারের প্রমাণ নেই।
  • ফলো-আপ মিস করবেন না: চিকিৎসক বললে সময়মতো আল্ট্রাসাউন্ড বা অন্য পরীক্ষা করান।
  • বিপদের লক্ষণ চিনুন: তীব্র পেটব্যথা, খুব বেশি রক্তপাত, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ হলে দ্রুত চিকিৎসা নিন।
  • নিজেকে দোষ দেবেন না: সাধারণ মানসিক চাপ বা যৌনমিলনকে সাধারণত প্রাথমিক গর্ভপাতের সরাসরি কারণ হিসেবে ধরা হয় না।

রক্তপাত বন্ধ হয়ে গেলে এবং পরীক্ষায় গর্ভাবস্থা স্বাভাবিকভাবে এগোলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত গর্ভকালীন পরীক্ষা চালিয়ে যেতে পারেন।

কখন Threatened Abortion-এ জরুরি Medical Care নেওয়া উচিত?

গর্ভাবস্থায় অল্প রক্তপাত সব সময় জরুরি অবস্থা নয়। কিন্তু নিচের কোনও লক্ষণ থাকলে বাড়িতে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত:

  • খুব বেশি বা দ্রুত বাড়তে থাকা রক্তপাত
  • তীব্র বা ক্রমশ বাড়তে থাকা পেটব্যথা
  • একপাশে বেশি পেটব্যথা
  • কাঁধের ডগায় ব্যথা
  • মাথা ঘোরা, প্রচণ্ড দুর্বল লাগা বা অজ্ঞান হয়ে যাওয়া
  • রক্তপাতের সঙ্গে জ্বর বা দুর্গন্ধযুক্ত যোনিস্রাব

বিশেষ করে একপাশে তীব্র ব্যথা, কাঁধে ব্যথা, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ থাকলে জরায়ুর বাইরে গর্ভধারণ বা অতিরিক্ত রক্তপাতের মতো গুরুতর সমস্যা আছে কি না, তা দ্রুত পরীক্ষা করা দরকার।

রক্তপাত অল্প হলেও গর্ভাবস্থায় প্রথমবার এমন হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা ভালো। কারণ শুধু রক্তপাতের পরিমাণ দেখে এর কারণ বোঝা যায় না।

Threatened Abortion-এর পর Future Pregnancy

থ্রেটেন্ড অ্যাবরশনের অভিজ্ঞতা হওয়া মানেই ভবিষ্যতে গর্ভধারণে সমস্যা হবে, এমন নয়। যদি বর্তমান গর্ভাবস্থা স্বাভাবিকভাবে এগিয়ে যায়, সাধারণত পরবর্তীতে গর্ভধারণের ক্ষমতার ওপর এর সরাসরি প্রভাব পড়ে না।

পরবর্তীবার গর্ভধারণের পরিকল্পনা করলে চিকিৎসকের সঙ্গে আগে কথা বলা যেতে পারে। ডায়াবেটিস বা থাইরয়েডের মতো কোনও শারীরিক সমস্যা থাকলে তা নিয়ন্ত্রণে রাখা, ফলিক অ্যাসিড শুরু করা এবং ধূমপান ও অ্যালকোহল এড়ানো গর্ভধারণের আগে স্বাস্থ্যকর প্রস্তুতির অংশ।

যদি বারবার গর্ভপাতের ইতিহাস থাকে, তাহলে চিকিৎসক কারণ খুঁজে দেখতে আলাদা মূল্যায়নের পরামর্শ দিতে পারেন।

Threatened Abortion সম্পর্কে সাধারণ ভুল ধারণা

থ্রেটেন্ড অ্যাবরশন নিয়ে কিছু ভুল ধারণা অযথা ভয় বাড়াতে পারে। আসলে:

  • ভুল ধারণা: রক্তপাত হলেই গর্ভপাত হয়ে গেছে।

সত্যি হলো, থ্রেটেন্ড অ্যাবরশনে রক্তপাত থাকলেও গর্ভাবস্থা জরায়ুর ভেতরে থাকতে পারে এবং আল্ট্রাসাউন্ডে ভ্রূণের হৃদস্পন্দনও দেখা যেতে পারে। অনেক গর্ভাবস্থা এরপরও স্বাভাবিকভাবে এগিয়ে যায়। 

  • ভুল ধারণা: সম্পূর্ণ বেড রেস্ট নিলেই গর্ভপাত আটকানো যায়।

এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। চিকিৎসক নির্দিষ্ট কারণে বিশ্রাম দিতে পারেন, তবে নিজের থেকে দীর্ঘদিন সম্পূর্ণ বেড রেস্ট শুরু করা উচিত নয়। 

  • ভুল ধারণা: প্রোজেস্টেরন সবার জন্য দরকার।

প্রোজেস্টেরন সব থ্রেটেন্ড অ্যাবরশনের ক্ষেত্রে একইভাবে দেওয়া হয় না। বর্তমান গর্ভাবস্থায় রক্তপাতের সঙ্গে আগে গর্ভপাতের ইতিহাস থাকলে কিছু ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকই সিদ্ধান্ত নেন এটি প্রয়োজন কি না। 

Frequently Asked Questions

Threatened Abortion কী?

Threatened Abortion-এর প্রধান লক্ষণ কী কী?

Pregnancy-তে Bleeding হলে কি সবসময় Miscarriage হয়?

Threatened Abortion-এর কারণ কী?

Threatened Abortion কীভাবে Diagnose করা হয়?

Threatened Abortion-এর Treatment কী?

Threatened Abortion-এর পর কি Healthy Pregnancy সম্ভব?

Threatened Abortion হলে কখন জরুরি Doctor-এর কাছে যেতে হবে?

© 2026 Indira IVF Hospital Limited. All Rights Reserved.