Overview
পুরুষের শরীরে প্রতিদিন নতুন শুক্রাণু তৈরি হওয়া একটি স্বাভাবিক ও জটিল জৈবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বলা হয় spermatogenesis। বয়ঃসন্ধির পর থেকে অণ্ডকোষের ভেতরের বিশেষ নালিতে এই প্রক্রিয়া শুরু হয়। কয়েকটি ধাপ পেরিয়ে অপরিণত কোষ ধীরে ধীরে পরিণত শুক্রাণুতে রূপ নেয়। এই পুরো প্রক্রিয়ায় টেস্টোস্টেরনসহ বিভিন্ন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুক্রাণুর সংখ্যা, চলন ক্ষমতা ও গঠন স্বাভাবিক থাকা পুরুষের প্রজনন ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ।
সহজভাবে বললে, স্পার্মাটোজেনেসিস হলো পুরুষের শরীরে শুক্রাণু তৈরি ও পরিণত হওয়ার অদৃশ্য এক প্রক্রিয়া। বয়ঃসন্ধির পর অণ্ডকোষের ভেতরে থাকা সূক্ষ্ম নালিতে এই প্রক্রিয়া শুরু হয়। সেখানে অপরিণত কোষ ধীরে ধীরে পরিবর্তিত ও বিভাজিত হয়ে পরিণত শুক্রাণু তৈরি করে।এটি বয়ঃসন্ধি কালে শুরু হয়ে অব্যাহতভাবে মৃত্যু অবধি চলতে থাকে, তবে বয়স বৃদ্ধির সাথে সাথে উৎপাদিত শুক্রাণুর পরিমাণ হ্রাস পেতে থাকে।
এই প্রক্রিয়ায় প্রথমে স্পার্মাটোগোনিয়াল স্টেম সেল নামের কোষ তৈরি ও বিভাজিত হয়। এরপর সেগুলি প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট এবং স্পার্মাটিড-এ পরিণত হয়। শেষ ধাপে স্পার্মাটিডের গঠন বদলে গিয়ে পরিণত শুক্রাণু তৈরি হয়।
তবে শুধু শুক্রাণু তৈরি হলেই প্রজননক্ষমতা স্বাভাবিক থাকবে এমন নয়। শুক্রাণুর সংখ্যা, চলনক্ষমতা এবং গঠন ঠিক থাকাও গুরুত্বপূর্ণ। এই কারণেই স্পার্মাটোজেনেসিস ও পুরুষের ফার্টিলিটির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। শুক্রাশয়ে দৈনিক ২০ থেকে ৩০ কোটি স্পার্মাটোজোয়া উৎপন্ন হলেও কেবল মাত্র এর অর্ধেক সংখ্যক (প্রায় ১০ কোটি) পরিণত শুক্রাণু তে পরিণত হয় ।
স্পার্মাটোজেনেসিস: ৭৪ দিনের এক বিস্ময়কর অদৃশ্য যাত্রা
- Dr Ritwik Samanta

শুক্রাণু এক ধাপে তৈরি হয় না। অণ্ডকোষের সেমিনিফেরাস টিউবিউল-এর মধ্যে একাধিক ধাপ পেরিয়ে একটি অপরিণত জননকোষ ধীরে ধীরে পরিণত শুক্রাণু তে পরিণত হয়। সহজভাবে এই প্রক্রিয়াকে পাঁচটি ধাপে বোঝানো যায়।
স্পার্মাটোগোনিয়া হলো অণ্ডকোষের প্রাথমিক জনন কোষ। স্পার্মাটোগোনিয়াল স্টেম সেল থেকে মাইটোটিক বিভাজনের মাধ্যমে টাইপ এ ও টাইপ বি নামে দুই ধরনের কোষ উৎপন্ন হয়। টাইপ এ স্টেম কোষে পরিবর্তিত হয় এবং টাইপ বি আরও বিভাজিত হয়ে স্পার্মাটোসাইট এ পরিণত হয়। এর কিছু কোষ আবার পরের ধাপে গিয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে।
এরপর প্রাইমারি স্পার্মাটোসাইট মিয়োসিস-১-এ অংশ নেয়। এই বিভাজনের ফলে একটি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে দুটি সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়।
সেকেন্ডারি স্পার্মাটোসাইট বেশি সময় থাকে না। এটি দ্রুত মিয়োসিস-২-এর মাধ্যমে বিভাজিত হয়। প্রতিটি সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে দুটি করে স্পার্মাটিড তৈরি হয়। তাই একটি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে মোট চারটি স্পার্মাটিড তৈরি হয়
স্পার্মাটিড হলো অপরিণত শুক্রাণু কোষ। স্পার্মিওজেনেসিস ধাপে এর গঠন বদলাতে থাকে। ধীরে ধীরে মাথা, মধ্যভাগ ও লেজ তৈরি হয় এবং এটি শুক্রাণুর আকার নিতে শুরু করে।
শেষ ধাপে তৈরি হয় পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া। এরপর এগুলি এপিডিডাইমিসে যায়, যেখানে আরও পরিণত হয়ে চলন ক্ষমতা অর্জন করে।
পুরুষের শরীরে শুক্রাণু তৈরি হয় অণ্ডকোষের ভেতরের সেমিনিফেরাস টিউবিউল নামের সূক্ষ্ম নালিতে। এই প্রক্রিয়ায় অপরিণত কোষ ধীরে ধীরে বিভাজন ও পরিবর্তনের মাধ্যমে পরিণত শুক্রাণুতে পরিণত হয়। পুরো প্রক্রিয়ায় সার্টোলি কোষ প্রয়োজনীয় সহায়তা করে।
প্রথমে স্পার্মাটোগোনিয়া কোষ বিভাজিত হয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে। এরপর মিয়োসিসের মাধ্যমে একটি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে দুটি সেকেন্ডারি স্পার্মাটোসাইট এবং পরে চারটি স্পার্মাটিড তৈরি হয়।
এরপর স্পার্মিওজেনেসিস ধাপে স্পার্মাটিড এর গঠন বদলে মাথা, মধ্যভাগ ও লেজ তৈরি হয়। এভাবেই পরিণত শুক্রাণু তৈরি হয়। পরে শুক্রাণু এপিডিডাইমিসে যায়, যেখানে এটি আরও পরিণত হয়ে চলন ক্ষমতা অর্জন করে।

শুক্রাণু তৈরির প্রক্রিয়া তে জিএনআরএইচ, এলএইচ, এফএসএইচ ও টেস্টোস্টেরন একসঙ্গে কাজ করে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ নিঃসৃত হয়, যা পিটুইটারি গ্রন্থিকে এলএইচ ও এফএসএইচ তৈরি করতে উদ্দীপিত করে।
এলএইচ অণ্ডকোষের লেইডিগ কোষে কাজ করে টেস্টোস্টেরন তৈরি করে এবং এফএসএইচ সার্টোলি কোষে, শুক্রাণু কোষ কে বেড়ে উঠতে সহায়তা করে। স্বাভাবিকভাবে টেস্টোস্টেরন ও এফএসএইচ-এর সাহায্যে শুক্রাণু তৈরির প্রক্রিয়া এগিয়ে চলে। আবার অণ্ডকোষ থেকে নিঃসৃত ইনহিবিন-বি, এফ এস এইচ-এর মাত্রা কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
একটি শুক্রাণু তৈরি ও পরিণত হতে সাধারণত প্রায় ৭৪ দিন সময় লাগে। অর্থাৎ, শুক্রাণু তৈরির প্রক্রিয়া শুরু হওয়ার পর পরিণত হতে প্রায় আড়াই মাস সময় লাগতে পারে। তবে এই সময় ব্যক্তিভেদে কিছুটা কম-বেশি হতে পারে।
তৈরি হওয়ার পর শুক্রাণু এপিডিডাইমিসে যায়। সেখানে এটি আরও পরিণত হয় এবং চলন ক্ষমতা ও নিষেকের জন্য প্রয়োজনীয় ক্ষমতা অর্জন করে। এই সময়টুকু ধরলে, শুক্রাণু তৈরি থেকে সম্পূর্ণ পরিণত হতে মোটামুটি ৮০-৮৬ দিন সময় লাগতে পারে।
তাই শরীরের কোনো পরিবর্তন শুক্রাণুর গুণমান কে প্রভাবিত করলে ও তার ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না। এর প্রভাব বুঝতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে।
শুক্রাণু তৈরির প্রক্রিয়া বিভিন্ন শারীরিক, হরমোনজনিত ও জীবনযাপনের কারণে প্রভাবিত হতে পারে। সব ক্ষেত্রে প্রভাবের মাত্রা একরকম নয়, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে:
শুধু শুক্রাণুর উপস্থিতি থেকে পুরুষের প্রজনন ক্ষমতা সম্পর্কে পুরো ধারণা পাওয়া যায় না। শুক্রাণুর সংখ্যা, চলন ক্ষমতা, গঠন ও গুণমান, সবই গুরুত্বপূর্ণ। বীর্য পরীক্ষার মাধ্যমে এগুলি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। তবে শুধু একটি বীর্য পরীক্ষার ফল দেখে ও ফার্টিলিটি সম্পর্কে সামগ্রিক ভাবে নিশ্চিত হওয়া যায় না।
একটি বীর্য নমুনায় মোট কত শুক্রাণু আছে এবং প্রতি মিলিলিটারে কত শুক্রাণু রয়েছে, তা দেখা হয়। শুক্রাণুরসংখ্যা প্রয়োজনের তুলনায় কম হলে ডিম্বাণুকে নিষিক্ত করার সম্ভাবনা কমে যেতে পারে।
বীর্যে কত ভাগ শুক্রাণু সামনের দিকে চলমান সেটি খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত চলনক্ষম শুক্রাণু না থাকলে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো কঠিন হতে পারে যা নিষেকের সম্ভাবনা কে কমায় ।
শুক্রাণুর মাথা, মধ্যভাগ ও লেজের গঠন ঠিক আছে কি না, তা দেখা হয়। গঠনে বেশি অস্বাভাবিকতা থাকলে স্বাভাবিকভাবে নিষেকের সম্ভাবনা প্রভাবিত হতে পারে।
শুক্রাণুর সংখ্যা, চলনক্ষমতা, জীবনক্ষমতা ও গঠন একসঙ্গে বিবেচনা করা হয়। তাই স্পার্মাটোজেনেসিস এ সমস্যা হলে বীর্যের বিভিন্ন মাপকাঠিতে পরিবর্তন দেখা দিতে পারে এবং তা স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা কে প্রভাবিত করে।
শুক্রাণু তৈরির প্রক্রিয়ায় সমস্যা হলে বীর্যে শুক্রাণুর সংখ্যা খুব কমে যেতে পারে, আবার কখনও একেবারেই শুক্রাণু নাও পাওয়া যেতে পারে। এর ফলে স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা কমতে পারে। তবে শুধু একটি অস্বাভাবিক বীর্য পরীক্ষার ফল দেখেই ফার্টিলিটি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না।
তাই স্পার্মাটোজেনেসিস এর সমস্যা সন্দেহ হলে তার কারণ খুঁজে দেখা গুরুত্বপূর্ণ।
স্পার্মাটোজেনেসিসে সমস্যা আছে কি না, তা বোঝার জন্য শুধু একটি উপসর্গের ওপর নির্ভর করা হয় না। সাধারণত কয়েকটি পরীক্ষার ফল একসঙ্গে দেখে কারণটি খোঁজা হয়।
শুক্রাণু তৈরির প্রক্রিয়া স্বাভাবিক রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন এবং ক্ষতিকর অভ্যাস এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। তবে পরিবর্তনের প্রভাব দেখতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
মনে রাখা দরকার, শুধু খাবার বা কোনও একটি ঘরোয়া উপায় দিয়ে শুক্রাণু উৎপাদন নিশ্চিতভাবে বাড়ানো যায় না। বীর্যে শুক্রাণুর সংখ্যা বা গুণমানে সমস্যা থাকলে কারণ অনুযায়ী চিকিৎসা প্রয়োজন হতে পারে।
ভুল ধারণা ১: বয়স বাড়লে শুক্রাণু তৈরি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সাধারণত এমন নয়। বয়সের সঙ্গে শুক্রাণুর সংখ্যা ও গুণমানে পরিবর্তন হতে পারে, তবে পুরুষের শরীরে দীর্ঘ সময় ধরে শুক্রাণু তৈরি হতে থাকে।
ভুল ধারণা ২: একবার শুক্রাণুর সংখ্যা কমে গেলে আর বাড়ে না।
এটিও ঠিক নয়। কারণের ওপর নির্ভর করে চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে কিছু ক্ষেত্রে শুক্রাণুর মান উন্নত হতে পারে।
ভুল ধারণা ৩: বেশি শুক্রাণু মানেই ফার্টিলিটি ভালো।
শুধু শুক্রাণুর সংখ্যা নয়, তার চলনক্ষমতা ও গঠনও গুরুত্বপূর্ণ। তাই বীর্য পরীক্ষার বিভিন্ন মান একসঙ্গে দেখা হয়।
ভুল ধারণা ৪: প্রতিদিন বীর্যপাত হলে শুক্রাণু তৈরি বন্ধ হয়ে যায়।
বীর্যপাতের পরও শরীর নতুন শুক্রাণু তৈরি করতে থাকে। তবে খুব ঘন ঘন বীর্যপাত করলে সাময়িকভাবে একটি বীর্য নমুনায় শুক্রাণুর সংখ্যা কম দেখা যেতে পারে।
ভুল ধারণা ৫: শুধু টেস্টোস্টেরন বেশি থাকলেই বেশি শুক্রাণু তৈরি হয়।
শুক্রাণু তৈরির জন্য টেস্টোস্টেরনের পাশাপাশি এফএসএইচ, এলএইচ এবং অণ্ডকোষের স্বাভাবিক কাজও প্রয়োজন। বাইরে থেকে টেস্টোস্টেরন নেওয়া বরং শরীরের স্বাভাবিক শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে কমিয়ে দিতে পারে।
ভুল ধারণা ৬: পুরুষের ফার্টিলিটিতে শুধু বয়সেরই প্রভাব আছে।
বয়স একটি বিষয় হলেও হরমোনের সমস্যা, কিছু রোগ, ওজন, ধূমপান, কিছু ওষুধ এবং অণ্ডকোষের সমস্যা, এগুলিও শুক্রাণু তৈরিতে প্রভাব ফেলতে পারে।